লক্ষ্মীপুর বার নির্বাচনে আওয়ামী লীগ ৮, বিএনপি ৬
জামায়াতে ইসলামিপন্থি আইনজীবীরা নির্বাচনে অংশ নিলেও তাদের কেউ বিজয়ী হয়নি।
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি।
অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আটটি পদে বিজয়ী হয়েছে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের কোনো প্রার্থী ছিল না।
জামায়াতে ইসলামিপন্থি আইনজীবীরা নির্বাচনে অংশ নিলেও তাদের কেউ বিজয়ী হয়নি।
মঙ্গলবার দিনভর ভোট শেষে রাতে গণনা শেষ হয়। ভোররাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন- সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি), সহসভাপতি আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী লীগ), মো. রফিক উল্যা (বিএনপি), সহসম্পাদক ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আওয়ামী লীগ), পাঠাগার সম্পাদক মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (আওয়ামী লীগ), অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ), সদস্য আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী লীগ), মো. ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ), জাফর আহমেদ বিএনপি)।
এদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্যসচিব নুরুল হুদা পাটওয়ারী ২৬ জানুয়ারি এক নোটিশে জানিয়েছিলেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। যদিও পরে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বিভিন্ন পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ সমর্থিত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক এক সভাপতি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় মূলত তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। নির্বাচন না করার জন্য বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সিদ্ধান্ত ছিল। তারপরও অন্যপদগুলো নির্বাচন করে আওয়ামী লীগের আটজন নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বলেন, ভোট গননা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারাবির নামাজের বিরতির কারণে ফলাফল ঘোষণায় বিলম্ব হয়েছে।
