২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে অস্বচ্ছতা পেলে ফলাফল স্থগিত: ইসি রাশেদা সুলতানা

“বিএনপি নির্বাচনে আসার আগ্রহ প্রকাশ করলে কমিশন বসে আইনকানুন ঘেটে তফসিল পুনঃবিবেচনা করার চেষ্টা করবে।”

ভোটে অস্বচ্ছতা পেলে ফলাফল স্থগিত: ইসি রাশেদা সুলতানা

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 06:42 PM

Updated : 28 Nov 2023, 06:42 PM

ভোটের দিন কোথাও অস্বচ্ছতা নজরে আসলে সেখানকার ফলাফল তাৎক্ষণিক স্থগিত করা হবে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি বলেছেন, “অতীতের মতো এবারের নির্বাচনেও দেশি-বিদেশি পর্যবেক্ষকরা থাকবেন। এতে নির্বাচনের স্বচ্ছতা আরও বাড়বে। তবে কোথাও অস্বচ্ছতা পেলে সেখানকার ফলাফল স্থগিত করা হবে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজশাহীতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে স্বচ্ছতা প্রসঙ্গে রাশেদা সুলতানা আরও বলেন, “স্বচ্ছ নির্বাচন না হলে সেটা যেমন আমাদের জন্য অপমান ও লজ্জার তেমনি আপনাদের ক্ষেত্রেও।

“অস্বচ্ছ নির্বাচন হলে শুধু আমাদের কথা শুনতে হবে তা নয়; ছেলে-মেয়েদেরও কথা শুনতে হবে। কেননা তারা বাসা থেকে বের হতে পারবে না। আমরা সবাই মিলে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই।”

ভোটে বিএনপির অংশগ্রহণ করা না করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি বলেন, “বিএনপি চাইলে এখনও নির্বাচনে আসতে পারে। তবে নির্বাচনের নির্ধারিত ছকের মধ্যেই তাদের আসতে হবে।

“বিএনপি নির্বাচনে আসার আগ্রহ প্রকাশ করলে কমিশন বসে আইনকানুন ঘেটে তফসিল পুনঃবিবেচনা করার চেষ্টা করবে।”

নির্বাচন শান্তিপূর্ণ করতে অতীতে সেনাবাহিনী মোতায়েনের নজির রয়েছে উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, এবারের নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমান সংসদ সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে অংশ নিতে চাইলে তাদের পদত্যাগ করতে হবে; তবে দলীয় প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজন হবে না বলে জানান ইসি।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহীসহ নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সহকারী রিটানিং কর্মকর্মতারা উপস্থিত ছিলেন।