লালমনিরহাটে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ
১৭ অগাস্ট বাড়ির পাশে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আনোয়ার আহত হন বলে জানায় পুলিশ।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আহত এক যুবক মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রোববার দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিচারের আশ্বাস পেলে প্রায় এক ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন বলে জানান হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী।
নিহত আনোয়ার হোসেন (৩৫) উপজেলার সিংগিমারী এলাকার অহেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ অগাস্ট বাড়ির পাশে একটি গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী শহিদুল ইসলামের সঙ্গে আনোয়ারের বিরোধ সৃষ্টি হয়। সেই সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আনোয়ার।
প্রথমে তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আনোয়ার মারা যান।
ঘটনার দিনই আনোয়ারের পরিবার শহিদুল ইসলামসহ চারজনকে আসামি করে হাতীবান্ধা থানায় মামলা করেন। রাতেই শহিদুলসহ দুইজনকে গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পান।
পুলিশ জানায়, দুপুরে আনোয়ারের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। পরে লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
আগের মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হবে বলে জানান ওসি মাহমুদুন্নবী।
