১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরের সড়কে দুই ভাইসহ মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু

অজ্ঞাতনামা একটি যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 12:46 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত অনুমানিক দেড়টার দিকে ভাঙ্গা থানার হামিরদী ইউনিয়নের মাধবপুর ব্রিজ সংলগ্ন কবরস্থানের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন। 

অজ্ঞাতনামা একটি যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে জানান তিনি।  

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী মোহাম্মদপুরের করিম মণ্ডলের ছেলে সুমন (২৫) ও ইমন (২২) এবং আশিক মোল্লা (২২)। 

এর মধ্যে সুমন ও ইমন দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়। আশিককে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর সার্জেন্ট রাসেলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি জানান দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর অপর আরোহীকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতদের লাশ রোববার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়ি ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।