Published : 12 Nov 2025, 12:34 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়া এক কাতল মাছ বিক্রি হয়েছে ৫৫ হাজার টাকায়; যার ওজন ছিল ১৯ কেজি।
বুধবার ভোরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেশনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পরে বলে মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানিয়েছেন।
কৃষ্ণ হালদার বলেন, ভোরে সে তার দল নিয়ে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় জাল ফেলেন। জাল তোলার পর বড় একটি কাতল তাতে আটকে থাকতে দেখেন। এরপর মাছটি দৌলতদিয়ার চকু মোল্লার আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন ১৯ কেজি।
“পরে ঊন্মুক্ত নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।”
শাজাহান বলেন, “পদ্মা নদীতে পানি কমে যাওয়ার কারণে মাঝে মধ্যে বড় আকৃতির রুই, কাতল ও পাঙ্গাসসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ছে।
“ভোরে ধরা পড়া ১৯ কেজির কাতল মাছটি ১০০ টাকা লাভে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছে।”