মোটরসাইকেলে ইজিবাইকের ধাক্কা, নানা বাড়ি যাওয়া হল না সাউদার
জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মোটরসাইকেলে বাবা-মার সঙ্গে কুড়িগ্রামের চর রাজিবপুর নানা বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক শিশুর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নিহতের বাবা-মা।
রোববার দুপুরে উপজেলার চর রাজিবপুর ইউনিয়নের বটতলা কারিগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চর রাজিবপুর থানার ওসি মো. মুসা মিয়া
নিহত সাউদা খাতুন (১১) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়া বাড়ি পূর্বপাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম মেয়ে।
আহত সাইফুল ইসলাম (৪৫) তার স্ত্রী মোছা. ঝরণা বেগম (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ থেকে মোটরসাইকেলে সাইফুল তার স্ত্রী ও মেয়ে সাউদাকে নিয়ে শ্বশুরবাড়ি রৌমারীর উদ্দেশে রওনা দেন। পথে সিমেন্ট বোঝাই ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে সাউদার ডান হাত ভেঙে যায়। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটিও।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে সাউদা মারা যায়।
ওসি মুসা মিয়া বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
