দেশের বিভিন্ন জেলায় ঈদ উদ্যাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ উদ্যাপিত হচ্ছে।
প্রতি বছরের মত এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করছেন দেশের বিভিন্ন জেলার বেশকিছু গ্রামের মানুষ।
গ্রামগুলোর ঈদগাহ ময়দান ও মসজিদে রোববার সকালে জামাতে নামাজ আদায় করার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এ জামাতে ইমামিত করেন পীরজাদা মুফতি জাকারিয়া চৌধুরী।
হাজীগঞ্জে ঈদের দ্বিতীয় জামাত সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি আরিফ চৌধুরী।
রোববার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার চাঁদপুরের গ্রামগুলোর মধ্যে আছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলা কিছু গ্রাম।
পীরজাদা মুফতি জাকারিয়া চৌধুরী বলেন, “১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। এছাড়া মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একইসঙ্গে ঈদ উদ্যাপন করে আসছেন।”
তিনি বলেন, “পৃথিবীতে চন্দ্র-সূর্য একটি। আলাদা করে কেন ঈদ উদযাপিত হবে?”
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার অন্তত ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ রোববার ঈদুল ফিতর উদযাপন করছেন।
এদিন সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন নূরানী মাদরাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন শতাধিক মানুষ। এ উপজেলার চারটি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, হানাফি মাজহাব অনুসারে ঈদ উদ্যাপনের করছেন বলে দাবি ইমাম ও জামাতে অংশ নেওয়া মানুষদের ।
স্থানীয়রা জানান, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদ আনন্দে মেতে উঠেছে। তারা পৃথকভাবে স্ব স্ব এলাকার মসজিদে ঈদের নামাজের আয়োজন করেছেন। সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর টাওয়ার, সাড়ে ৯টায় পূর্ব বিঘা কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদে নামাজ আদায় করেছেন মানুষ। হানাফি মাজহাব অনুসারে ৫০ বছরেরও বেশি সময় ধরে তারা একদিন আগে ঈদ পালন করে আসছেন।
দক্ষিণ পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, “এবার শুধুমাত্র বাংলাদেশ ছাড়া প্রায় সব মুসলিম দেশই ঈদ উদ্যাপন করছেন। হানাফি মাজহাব অনুসারে হাদিস ও ইসলামি মাসআলা মতেই আমরা রোজা রাখি, ঈদ করি।
এ ব্যাপারে দক্ষিণ পূর্ব তালিমুল কুরআন মাদরাসার ঈদগাহের খতিব মাওলানা আমিনুল ইসলাম খান বলেন, “আমরা সৌদি আরবে সঙ্গে মিল রেখে ঈদ করি না। আমরা হানাফি মাজহাবের অনুসারী। প্রত্যেকটি মাজহাবে একসঙ্গে সারা বিশ্বে ঈদের জামাত আদায় করার ফতোয়া রয়েছে। আগে যোগাযোগের উন্নত মাধ্যম ছিল না। এজন্য মানুষ সৌদি আরবের একদিন পর ঈদ করতো। কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এতে আমদের পিছিয়ে থাকার সুযোগ নেই। এজন্য হয়তো সোদি আরবের সঙ্গে আমাদের মিলে যায়।”
নারায়ণগঞ্জ
সৌদি আরবসহ কতগুলো মুসলিম দেশের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি গ্রামের মানুষ। তারা ঈদুল ফিতরের নামাজও আদায় করেছেন।
রোববার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার লামাপাড়া এলাকার শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন মুফতি আনোয়ার হোসেন শুভ। খুতবা পাঠ করেন মাওলানা শাহবুদ্দিন এবং মোনাজাত পরিচালনা করেন শাহ চাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম খাইরুল্লাহ।
শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন শুভ বলেন, “চাঁদ দেখার ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদ উদযাপন করছে। আমরাও আজকে বাংলাদেশে ঈদ করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই ঈদের দিনে বিশেষ করে নির্যাতিত বিশ্বের সকল মুসলিম ভাইদের জন্য প্রার্থনা করেছি।”
ফতুল্লার এ ঈদ জামাতে অংশ নেন গাজীপুর জেলা এবং ঢাকার কেরানীগঞ্জ ও ডেমরার লোকজন। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজারের কয়েকটি গ্রামেও রোববার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
দিনাজপুর
দিনাজপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
রোববার সকাল ৮টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এখানে আলাদা ব্যবস্থায় নারীরাও নামাজে অংশ নেন। জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, “এই বিশ্বে চন্দ্র-সূর্য একটাই। হাদিসে আছে, পৃথবীর যেকোনো স্থানে ঈদের চাঁদ দেখা গেলেই ঈদ নামাজ আদায় করতে হবে। এখানে নির্দিষ্ট কোনো ভুখণ্ডের কথা বলা হয়নি। হাদিসের আলোকেই আমরা সৌদির সঙ্গে রোজা শুরু করি এবং ঈদ উদযাপন করি।”
তিনি জানান, তাদের অনুসারীরা জেলার চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর, বীরগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় ঈদুল ফিতর উদযাপন করেছে।
নোয়াখালী
নোয়াখালী সদরসহ তিন উপজেলার পাঁচ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন।
রোববার সকাল ১০টায় তারা ১০টি মসজিদে একযোগে ঈদের নামাজ আদায় করেন।
গ্রামগুলোর মধ্যে আছে সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর।
রশিদিয়া রহিমিয়া দরবার শরিফের ঈদ জামাতের ইমাম হাফেজ মোবারক হোসেন রাকিব বলেন, “চাঁদ ওঠার ওপর নির্ভর করেই রোজা রাখা এবং ঈদ উদযাপন করা হয়। পৃথিবীর আকাশে চাঁদ দেখা গেছে, শুধু বাংলাদেশ ছাড়া সৌদি আরবসহ সকল মুসলিম দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। এ কারণে আমরাও ঈদ উদযাপন করছি।”
গাজীপুর
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাজীপুরের সদর উপজেলার ডগরি এলাকায় একটি মাদ্রাসায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে এ জামাত অনুষ্ঠিত হয়। যেখানে কয়েকটি পরিবারের সদস্য অংশ নেন।
নামাজে ইমামতি করেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মাহবুবুর রহমান।
নামাজ শেষে সবাই পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও মিষ্টিমুখ করেন।
নামাজে অংশ নেওয়া আব্দুল কাদের বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ করে আসছি। এবারও তার ব্যতিক্রম হয়নি।”
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এই ধারা বেশ কয়েক বছর ধরে চলছে বলে জানিয়েছেন জামাতে অংশ নেওয়া কয়েকজন।
তবে শাওয়াল মাসের চাঁদ না দেখেই নামাজ আদায় ও ঈদুল ফিতর উদযাপন করায় ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।
মাদারীপুর
মাদারীপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজার ঈদের নামাজ আদায় করেছেন ২৫ গ্রামের অন্তত ২০ হাজার মানুষ।
রোববার সকাল সাড়ে ৯টায় জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।
সুরেশ্বর দরবার শরীফের মুরিদ মো. সাগর দেওয়ান বলেন, “প্রায় দেড়শ’ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করা হয়।
“বছরে দুটি ঈদ উৎসব এভাবেই উদযাপন করে আসছেন এখানকার ধর্মপ্রাণ মানুষ।”
বরিশাল
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে রোজার ঈদ উদযাপন করেছেন চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহসুফি দরবার শরীফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা।
পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে তাল মিলিয়ে রোজা ও ঈদ পালন করেন তারা।
এ ধারাবাহিকতায় রোববার সকাল ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে তাঁজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাত শেষে তারা একে অপরের সাথে কোলাকুলি করেন। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন তারা।
এ মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন বলেন, এ ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের পাঁচ শতাধিক পরিবার রোববার রোজার ঈদ পালন করছেন।
বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু বলেন, “আমাদের ওয়ার্ডে রোববার ঈদ পালন করছেন প্রায় এক হাজার পরিবার। “তারা আরও জানান, নগরীর সাতটিসহ এবং বিভাগের ৭৩টি মসজিদে রোববার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১ লাখ মানুষ প্রতি বছর এভাবে সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করেন।
সাতক্ষীরা
সাতক্ষীরার অন্তত ২০টি গ্রামে ঈদ উৎসব চলছে। রোববার সকালে এসব এলাকায় ঈদের নামাজও অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে সাতক্ষীরা সদরের বাউখোলা, তালা উপজেলার জেঠুয়া, ইসলামকাঠি, শ্যামনগর উপজেলার গোয়াল চাতরসহ কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এর মধ্যে সকাল ৮টায় সদর উপজেলার ভাড়–খালি গ্রামের আহলে সুন্নাৎ আল জামাত জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা হাবিবুর রহমান।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে একসঙ্গে ঈদ পালন করাই উত্তম। তাই প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।”
ভাড়–খালী গ্রামের রেহানা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে প্রিয় নবীর জন্মস্থান সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাদের পরিবারের নারী-পুরুষরা ঈদ পালন করে আসছে। এটি যে শুধু ঈদের মিলন তা নয়। এটি পবিত্র ইবাদত বন্দেগীরও ধারাবাহিকতা বলে তারা মনে করে থাকেন।
