ফেনীতে ‘এসবি সদস্য পরিচয়ে প্রতারণা’, পিটিয়ে পুলিশে দিল এলাকাবাসী
ওই যুবক একজনকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণার আশ্রয় নেয় বলে এলাকাবাসীর দাবি।
ফেনীতে পুলিশের বিশেষ শাখা এসবির সদস্য পরিচয়ে একজনকে বিদেশে পাঠানোর প্রলোভনের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকালে ফেনী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান।
আটক তৌহিদুল ইসলাম ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বাসিন্দা ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে ফেনী সরকারি কলেজের সামনের সড়কে তৌহিদুল ইসলাম নামে এক যুবক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয় দেন। তিনি একজনকে বিদেশে পাঠানোর কথা বলেন। পরে আচারণ সন্দেহজনক হলে তাকে আটক করে মারধর করেন স্থানীয়রা।
পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করেন। পুলিশ প্রাথমিক চিকিৎসার জন্য তৌহিদকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।
পুলিশ আরও জানায়, তার কাছে স্পেশাল ব্রাঞ্চের একটি পরিচয়পত্র পাওয়া যায়।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট শাখায় কর্মরত বলে পরিচয়পত্রে উল্লেখ আছে।
ওসি মর্ম সিংহ আরো বলেন, “আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”
