০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে খাল থেকে হাতির শাবক উদ্ধার

“মা হাতির জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমরা সিদ্ধান্ত নেব তাকে কোথায় রাখা যায়।”

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

রাঙামাটির রাজস্থলী উপজেলায় খাল থেকে হাতির এক শাবককে উদ্ধার করেছে বনবিভাগ। 

সোমবার বিকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উগারী পাড়া চিতাখোলা এলাকায় ওই হাতির বাচ্চাকে পাওয়া যায় বলে বনবিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জানান। 

তিনি বলেন, “কয়েকজন পথচারী হাতির শাবককে খালে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর আমাদের একটি দল শাবককে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশের খাদ থেকে উদ্ধার করে।”

বনবিভাগের রাজবিলা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, “হাতির বাচ্চাকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। তবে শাবক উদ্ধার করা হলেও মা হাতির জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই মধ্যে আমরা সিদ্ধান্ত নেব তাকে কোথায় রাখা যায়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, রোববারে উঘারী পাড়া এলাকায় বুনো হাতি এসেছিল। বিষয়টি বনবিভাগকেও অবগত করা হয়েছে। 

“আজ একটি হাতির শাবক ঝিরিতে পড়ে আছে বলে খবর পেয়েছি। তাকে উদ্ধারের জন্য বনবিভাগকে জানানো হয়। তারা শাবককে উদ্ধার করে বনবিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।”