২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিলাপি খেতে চাওয়া’ ওসির বদলি প্রত্যাহারের দাবি বিএনপির

মঙ্গলবার কিশোরগঞ্জের পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে ইটনার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

‘জিলাপি খেতে চাওয়া’ ওসির বদলি প্রত্যাহারের দাবি বিএনপির
ইটনার ওসিকে প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2025, 09:06 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ঠিকাদারের কাছে ‘জিলাপি খেতে চাওয়া’ কিশোরগঞ্জের ইটনা থানার ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। 

বুধবার দুপুরে ব্যানারবিহীন বিএনপির নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ইটনা বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইটনা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে আধা ঘণ্টা বিক্ষোভ করে। শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল, উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক পলাশ রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুমন। 

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা পর্যায়ের সংগঠক ও ঠিকাদার আফজাল হুসাইন শান্তর সঙ্গে ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ওসি ঠিকাদারের কাছে কাজে লাভ হওয়ায় ‘জিলাপি খেতে চান’।

এই অবস্থার মধ্যে মঙ্গলবার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে ওসি মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। 

একদিন বাদে ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করল বিএনপি।

সেখানে ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল বলেন, “২০ মার্চ রাতে ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধারের ঘটনায় বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদিলুজ্জামান ভূঁইয়াকে পুলিশ গ্রেপ্তার করে। তার এই গ্রেপ্তারের পর আওয়ামী দোসররা ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেনকে সরাতে নানাভাবে তৎপর হয়ে ওঠে। এই তৎপরতার অংশ হিসেবে সমন্বয়ক দাবিদার আফজাল হোসেন শান্ত নিজে থেকে ওসি মনোয়ার হোসেনকে ফোন করে কলরেকর্ড ফাঁসের নাটক সাজিয়েছে।”

তবে ঠিকাদার আফজাল হোসেন শান্ত বিএনপি নেতা-কর্মীদের অভিযোগের বিষয়ে বলেন, “কলরেকর্ড যদি সাজানো নাটক হত, তাহলে আমি পাঁচ লাখ টাকার মামলা সাজাইতাম। জিলাপি খাওয়ার কাহিনি সাজাইতাম না।” 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, “আমি শুনেছি উনারা মিছিল করেছেন। থানা ঘেরাও কেন হল, বিষয়টি আমরা খতিয়ে দেখব।”

এদিকে বুধবার ইটনা থানার নতুন ওসি হিসেবে মো. জাফর ইকবাল দায়িত্ব নিয়েছেন।