২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-৫: বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ‘চাকসু মামুন’

এ আসনটি বিএনপি তার জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সভাপতিকে ছেড়ে দিয়েছে।

সিলেট-৫: বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ‘চাকসু মামুন’
বিএনপি নেতা মামুনুর রশিদ-চাকসু মামুন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 06:37 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

দলীয় মনোনয়ন না পেয়ে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মামুনুর রশিদ-চাকসু মামুন।

তবে এ আসটি বিএনপি তার জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দিয়েছে।

মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসন ছেড়ে দেওয়ার কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেখানে সিলেট-৫ আসন রয়েছে।

আসন সমঝোতার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

তবে দল সিলেট-৫ আসন ছেড়ে দিলেও স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশিদ-চাকসু মামুন। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনি প্রচার ও সভা-সমাবেশ করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর আসনটিতে চারবার আওয়ামী লীগ, তিনবার জাতীয় পার্টি এবং দুবার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। এ ছাড়া বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী একবার করে জয়ী হয়েছেন। 

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তার বাবা প্রয়াত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ‘ফুলতলী হুজুর’ হিসেবে পরিচিত।

বিএনপির নেতাকর্মীরা জানান, আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে হতাশ কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা। তিন দশক ধরে এ আসন থেকে বিএনপির কেউ মনোনয়ন পাননি।

সবশেষ ২০১৮ সালেও এ আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দেওয়া হলে, দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা মামুনুর রশীদ।

মঙ্গলবার বিকালে বিএনপি নেতা চাকসু মামুন বলেন, “আমি নির্বাচন করব, নির্বাচন থেকে সরার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার মনোনয়ন ফরম কিনেছি, জমাও দেব। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।”