Published : 20 Dec 2025, 12:24 PM
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ চেকপোস্টের সিগন্যাল অমান্য করে পালানোর সময় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ এবং ট্রাফিক বক্সের সামনে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা ।
শুক্রবার বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের ও সার্কিট হাউজ রোডের সংযোগস্থলে সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এএনএম অসীম ফিরোজ।
এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধরা শহরের বিশ্বরোড মোড়ে একটি ট্রাফিক বক্সের ভেতরের আসবাবপত্র বাইরে এনে অগ্নিসংযোগ করে।
এমনকি বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুর্ঘটনায় নিহত তরুণদের একজনের মরদেহ পড়ে থাকে রাস্তায় । বিক্ষুব্ধদের বাধায় পুলিশ তা উদ্ধার করতে পারেনি।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড় বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ (১৮) ও পৌল্লাডাঙ্গা মহল্লার শাহ আলমের ছেলে রিফাত (১৮)।
পৌরসভার সাবেক কাউন্সিলর মো. দুলাল বলেন, তারা দুই মামাতো-ফুফাতো ভাই মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়। আহত সোহাগকে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ।
নিহতদের পরিবারের দাবি, পুলিশের ধাওয়া খেয়ে বাঁচতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাফিক পুলিশের জরিমানার ভয়ে পালাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়।
এই দুর্ঘটনার সময়ের আশপাশের সিসিটিভি ফুটেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসে। এতে দেখা যায়, সার্কিট হাউজের সামনের রাস্তায় চেকপোস্টের পুলিশ সদস্যরা একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু দুই আরোহী পুলিশের সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
কিন্তু সার্কিট হাউজ মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটি ট্রাকের নিচে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে ধাওয়া করে। ফলে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহতের মরদেহ পড়ে থাকে রাস্তায় ।
অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ বলেন, পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, এ সময় তৃতীয় আরেকটি পক্ষ বিশ্বরোড মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ও সামনে অগ্নিসংযোগ করে, সদর পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায়, পুলিশের মেসে লুটপাট ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।