২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত: চালক গ্রেপ্তার

বাস চাপায় সহপাঠী নিহতের ঘটনায় শুক্রবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2024, 01:02 AM

Updated : 26 Aug 2026, 10:50 AM

বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ১১টার দিকে তাকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন। 

গ্রেপ্তার জামিল হোসেন (২৭) পটুয়াখালী জেলার মরিচবুনিয়া গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসের চালক।  

বুধবার রাত ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের চাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন।  

তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। বৃহস্পতিবার তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বাস চাপায় সহপাঠী নিহতের ঘটনায় শুক্রবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ ১০ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে এসে জেলা বাস মালিক সমিতির নেতারা সমঝোতা বৈঠকে না বসায় ফের মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

তবে রাত ১০টার দিকে তারা চলে যাওয়ার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে বন্দর থানার ওসি জানিয়েছেন। 

আরও পড়ুন:

বাসচাপায় ছাত্রী নিহত: বরিশালে ফের মহাসড়ক অবরোধ, যানজট