বাবুগঞ্জে আগুনে পুড়ে ছাই ১৭ ছাগল, সর্বস্বান্ত গৃহস্থ
মিজানুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগুন লেগে এক গৃহস্থের ১৭টি ছাগল এবং একটি গরুসহ হাঁস-মুরগি পুড়ে গেছে। এছাড়াও পুড়ে গেছে চারটি ঘর।
সিলন্দিয়া গ্রামের মল্লিক বাড়িতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) আসমা উল হুসনা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত মোজাম্মেল মল্লিকের জামাতা মো. সোহাগ বলেন, “মোবাইল ফোনে কথা বলার জন্য ঘর থেকে বের হয়েছি দেখি, গোয়ালঘরের পাশে আগুন জ্বলছে। পাটের খড়ি দিয়ে বেড়া দেওয়ায় আগুন মুহুর্তে সম্পূর্ণ গোয়াল ঘর, পাশের শুকনো লাকড়ির ঘর, রান্নাঘর ও হাঁস-মুরগির ঘরে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, “তখন গোয়াল ঘরে থাকা চারটি গরুর তিনটি, ২১টি ছাগলের চারটি রক্ষা করতে পেরেছি। ১৭টি ছাগল, একটি গরু, ৪০টি মুরগি ও চারটি হাঁস পুড়ে মারা গেছে।
“রাস্তা ভালো না থাকায় ফায়ার সার্ভিন আসার আগে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। খালে পানি শুকিয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের বেগ পেতে হয়েছে।”
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে ৪৫ মিনিট। ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়েছি স্থানীয়ার আগুন নিয়ন্ত্রণে এনেছে।
“অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে পারেনি। গৃহকর্তা প্রথমে কয়েলের মাধ্যমে, এরপর শর্ট সার্কিটের ও পরে কেউ আগুন দিয়েছে বলে দাবি করেছে। বিষয়টি তদন্ত না করে বলা যাবে না।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ঘটনাস্থল পরিদর্শন করা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসমা উল হুসনা বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে গেছে। গোয়াল ঘরের পাশে লাকড়ির ও রান্নাঘর ছিলো। ফায়ার সার্ভিস দ্রুত আসার চেষ্টা করেছে। কিন্তু দূরত্ব বেশি ছিলো। তাই তাদের আসতে দেরি হয়েছে।”
ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, “তাদের সব কিছু তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তাদের নিজেরই ঘুরে দাঁড়াতে হবে। তবুও সরকারি কোন বরাদ্দ পেলে সহায়তা করা হবে।”
