Published : 26 Dec 2025, 10:02 PM
জয়পুরহাট চিনিকলের বিগত মৌসুমের ৫৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথা নিয়ে ২০২৫-২৬ মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে।
শুক্রবার বিকালে ৬৩তম আখ মাড়াই মৌসুমের কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর।
এ উপলক্ষে চিনিকল চত্বরে সমাবেশে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা, জয়পুরহাট স্থানীয় সরকারের উপ পরিচালক উত্তম কুমার রায়, জেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুর রহমান এবং জয়পুরহাট সদর থানার ওসি আনিছুর রহমান বক্তব্য দেন।
চলতি ২০২৫-২৬ মৌসুমে এবার তিন হাজার দুই একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার টন আখ থেকে দুই হাজার ৯৭০ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা বলেন, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। মিল গেইটে প্রতি কুইন্টাল আখের মূল্য ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে বাইরের কেন্দ্রগুলো থেকে ৬১৫ টাকা দরে আখ কেনা হবে। এ ছাড়া এবার বিকাশের মাধ্যমে চাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।