২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল, ২ নেতা আটক

সদর থানার ওসি বলেন, “জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে।”

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 07:18 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এ সময় দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা সোয়া ৩টার দিকে গাইবান্ধা পৌর পার্ক কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন- গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ইমারুল ইসলাম শাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫-৩০ জনের একটি দল জেলা শহরের রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে হঠাৎ করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। দলের বাকি সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে। পালাতকদের শনাক্ত ও আইনি প্রক্রিয়ায় আনতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।”