Published : 10 Apr 2026, 07:58 PM
নরসিংদী সদর উপজেলার কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মাধবদী পৌর এলাকার ভগিরথপুর মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন।
আহতরা হলেন- আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) এবং ইব্রাহিম (৫)। তাৎক্ষণিক বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত বাবা লাল মিয়া মোল্লার কুলখানি ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।
এতে ভগিরথপুরসহ আশেপাশের এলাকার আট থেকে ১০ হাজার লোক বিদ্যালয় গেইটের সামনে জমায়েত হন। জুমার নামাজের পর বিদ্যালয়ের গেইট খুলে দেওয়া হয়। এ সময় হুড়োহুড়ি করে মাঠে প্রবেশ করতে গিয়ে ধাক্কাধাক্কি এবং পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফরিদা গুলশান আরা কবির বলেন, আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন, বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠান করার জন্য আগে থেকে অনুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার ঘটনা জানা নেই তার।
তবে মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।