মেঘনার অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে ১৪ জেলের জরিমানা
হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল এই জরিমানা করেন।
বরিশালের মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল এই জরিমানা করেন।
জরিমানা দেওয়া জেলেরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার মো. শাহাবুদ্দিন (৪৫), মো. সাইদুল ইসলাম (৩০), মো. জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), বাবুগঞ্জ এলাকার মো. রাসেল (৩৫), মো. আরিফ (৩২), বাথুয়া এলাকার আল আমিন (৩০), উত্তর দাদপুর এলাকার মো. শাহ আলম (৪৩), হিজলা উপজেলার ধুলখোলা পালপাড়া এলাকার নূর ইসলাম রাঢ়ি (৩৩), মো. আনিস (৩৭), মো. সাকিল মাঝি (৩০), নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের চরকাশিয়া এলাকার মো. মিরাজ হোসেন (২৩), মো. ইব্রাহীম (২৪) এবং ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. সুলাইমান (২৫)।
হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ইলিশের অভয়াশ্রম মেঘনা নদীতে অভিযানে একটি পাঙ্গাসের পোনা ধরার চাঁই এবং ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ১৪ জনকে আটক করা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে চার হাজার টাকা করে এবং চারজনকে দুই হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ চাঁই ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
