Published : 18 Jul 2026, 03:40 PM
শেরপুরের নালিতাবাড়ীর সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ইজিবাইকের চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার ভোরের দিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার এসআই মোহাম্মদ আব্দুল হান্নান।
নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার বাঘবের খড়িয়াপাড়া নিবাসী একদিল হোসেনের ছেলে ও ইজিবাইকের চালক কামরুল হোসেন (৪০) এবং যাত্রী সালেহাবাদ কৃষ্ণপট্টির আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।
নিহতদের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার ভোর ৩টার দিকে ঢাকা থেকে নালিতাবাড়ী পৌর শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি কামরুল হোসেনের ইজিবাইকে কৃষ্ণপট্টির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
পরে স্থানীয়রা বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনের সড়কে দুমড়ে যাওয়া ইজিবাইক ও দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে ইজিবাইকের সঙ্গে ভারী কোনো যানবাহনের সংঘর্ষে বা চাপায় এ দুর্ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসে।
এসআই মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা সম্ভব হয়নি। বাস বা ট্রাকের সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।