২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পত্রিকার সম্পাদকের ওপর হামলা: বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে মামলা করেছে সেলিমের পরিবার।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2025, 11:55 AM

Updated : 26 Aug 2026, 12:27 PM

নাটোর থেকে প্রকাশিত দৈনিক ‘প্রান্তজন’ পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের দুই হাত ভেঙে দেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর উপজেলার চন্দ্রকলা এলাকায় অভিযান চালিয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান জানান।  

সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তাররা হলেন- নাটোরের তেবাড়িয়া ইউপির ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী এবং বিএনপির কর্মী আব্দুর রউফ ওহাব।

নাটোর সদরের পণ্ডিতগ্রাম এলাকার বাসিন্দা আহত সাজেদুর রহমান সেলিম নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি নাটোর সদরের চন্দ্রকোলা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের শিক্ষক। পাশাপাশি দৈনিক ‘প্রান্তজন’ পত্রিকার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

রোববার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন সেলিমের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে গিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে এলাপাতাড়ি মারধর করে ফেলে রেখে যায়।

যাওয়ার সময় সেলিমকে আর কলেজে না আসার জন্য শাসিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

ওসি মাহাবুর রহমান বলেন, “এ ঘটনায় সেলিমের পরিবারের পক্ষ থেকে রোববার রাত ৯টার দিকে সাত জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১৫ জনের নামে মামলা করা হয়।

“এর আগে সেলিমের ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।”