বরগুনায় নৌকার মিছিলে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
“মিছিল শেষ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসেছিলেন; হঠাৎ তিনি পড়ে যান।”
বরগুনায় নৌকার প্রার্থীর পক্ষে মিছিলে গিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে বরগুনা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে বরগুনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জামাল জানান।
মৃত নুরুল ইসলাম মুসুল্লি (৬৫) বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মনিরুজ্জামান বলেন, “আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বরগুনা-১ (সদর ও আমতলী, তালতলী উপজেলা) আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে সন্ধ্যায় শহরে মিছিল হয়।ওই মিছিলে অংশ নেন নুরুল।
“মিছিল শেষ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসেছিলেন; হঠাৎ তিনি পড়ে যান। এ সময় সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা চিকিৎসক ডেকে তার পরীক্ষা করান।”
পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন বলে জানান জেলা শ্রমিক লীগের এ নেতা।
