২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরযাত্রার বদলে হল শবযাত্রা

বিয়ে করতে গত ১০ জুলাই ১০ দিনের ছুটিতে যশোর সেনানিবাস থেকে বরিশালের বাড়িতে গিয়েছিলেন স্বপন।

বরযাত্রার বদলে হল শবযাত্রা

বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন স্বপন দে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 12:37 PM

Updated : 15 Jul 2023, 04:22 PM

বরিশালের গৌরনদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন।

মৃত স্বপন দে (৩২) ওই গ্রামের প্রয়াত দিপক দে’র ছেলে। তিনি যশোর সেনানিবাসে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতেই স্বপনের বিয়ে ছিল। বিয়ের লগ্ন ঠিক হয়েছিল রাত ১০টা ৪২ মিনিটে। কনে একই উপজেলার মাহিলারা ইউনিয়নের বিল্বগ্রাম এলাকার বাসিন্দা। কথা ছিল সন্ধ্যার পরে নয়টি মাইক্রোবাসে করে ৮০ জন বরযাত্রী নিয়ে কনে আনতে যাবেন স্বপন। বর-কনেকে নিয়ে ফেরার জন্য প্রস্তুত ছিল ফুল দিয়ে সাজানো গাড়িও।

বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পঞ্চানন দত্ত বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে স্বপন ঘর থেকে বের হয়ে দেখতে পান আলোকসজ্জার দুটি টুনি বাতি জ্বলছে না। সে সময় খালি পায়ে ছিলেন তিনি। ওই অবস্থাতেই ওই বৈদ্যুতিক বাতি ঠিক করতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাতে দিয়ে পঞ্চানন জানান, বিয়ে করতে গত ১০ জুলাই ১০ দিনের ছুটিতে বাড়িতে যান স্বপন।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।