২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌনে ১২ কোটি টাকা আত্মসাৎ: বগুড়ায় ব্যাংকারসহ ৪ জনের কারাদণ্ড

কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা ১১ কোটি ৭৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

পৌনে ১২ কোটি টাকা আত্মসাৎ: বগুড়ায় ব্যাংকারসহ ৪ জনের কারাদণ্ড

বগুড়ার জেলা জজ আদালত ভবন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 08:57 PM

Updated : 10 Jul 2023, 08:57 PM

বগুড়ায় পৌনে ১২ কোটি আত্মসাতের এক মামলায় ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার জেলার বিশেষ জজ অম্লান কুমার জিষ্ণু আসামিদের উপস্থিততে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস এম আবুল কালাম আজাদ। 

কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাবেক হিসাবরক্ষণ খলিলুর রহমান, সোনালী ব্যাংক দুপচাঁচিয়া শাখার সাবেক ক্যাশিয়ার আব্দুল বারি, আব্দুস ছালাম এবং ইউনুস আলী।

মামলার বরাতে আইনজীবী আজাদ জানান, ২০১৫ সালে আসামিরা পেনশনভোগীদের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ওই বছরের ১৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়ার তৎকালীন সহকারী পরিচালক আমিনুল ইসলাম একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৬ সালে ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোপত্র জমা দেয় দুদক।

শুনানি শেষে আসামিদের ১৫ বছর কারাদণ্ড, আত্মসাৎ করা অর্থ ফেরত ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও নয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।