গোপালগঞ্জে ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার
নয় দিন আগে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।
গোপালগঞ্জে এক ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেনি পুলিশ।
শুক্রবার জেলার মুকসুদপুর পৌরসভার ছোট বাহাড়া গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মুকসুদপুর থানার পরিদর্শক মো. আবু বকর মিয়া জানান।
নিহত লিটু মাতুব্বর (৪৬) মুকসুদপুর পৌরসভা এলাকার গোলাবাড়িয়া গ্রামের বাকা মাতুব্বরের ছেলে।
লিটুর স্ত্রী শাহেদা বেগম বলেন, গত ১৭ অগাস্ট বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন লিটু। স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি শাহেদা। পরে মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। শুক্রবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরনের কাপড় ও অন্যান্য আলামত দেখে মরদেহ শনাক্ত করেন।
ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পরিদর্শক আবু বকর মিয়া।
