বেড়িবাঁধ নির্মাণে বালুর ব্যবহার, হতাশ উপকূলবাসী
২০১৭ সালে চায়নার ‘সিকো’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধটির নির্মাণ কাজ শুরু করে।
বরগুনার পাথরঘাটা উপজেলা ঘেঁষা বলেশ্বর নদীর তীরবর্তী পানি উন্নয়ন বোর্ডের পোল্ডারের বেড়িবাঁধ মাটির পরিবর্তে বালু দিয়ে নির্মাণ করার অভিযোগ উঠেছে।
এতে বাঁধের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দেওয়ার পাশাপাশি উপকূলে বসবাসরত মানুষের মাঝে চরম হতাশা তৈরি হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম জানান, ষাটের দশকে নির্মিত উপকূলীয় বেড়িবাঁধ যথাযথ সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বাঁধের বেশির ভাগ এলাকা নাজুক হয়ে পড়ে। সুপার সাইক্লোন সিডর, আইলা, বুলবুল, মহাসেন ও আম্ফানের তাণ্ডবে একটা অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের কারণে উপকূলীয় এলাকার বেশ কিছু জনপদ ঝড় ও জলোচ্ছ্বাসে তলিয়ে যায়; অনেক এলাকার বসতিরা সর্বস্ব হারায়।
এতে চরম ঝুঁকি নিয়ে জীবনযাপন করতে থাকে উপকূলীয় জেলা বরগুনার প্রায় পনের লাখ মানুষ। সেই ঝুঁকি মোকাবেলা জন্য উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ প্যাকেজ ‘সিইআইপি-১’ নামে নতুন মেগাপ্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার। এই প্রকল্পের অংশ হিসেবে বরগুনা ও পাথরঘাটায় নির্মাণ করা হচ্ছে উপকূলীয় বেড়িবাঁধ।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০১৭ সালে ৪০/২ পোল্ডারের ৩৪.২ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ কাজ শুরু করে চায়নার ‘সিকো’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পাথরঘাটা উপজেলার চারটি ইউনিয়নের ভেতরে ২৪.২ কিলোমিটার বাঁধের মধ্যে ১৭টি স্লুইসগেট নতুন করে নির্মাণ কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের তেমন ‘নজরদারি না থাকায়’ ঠিকাদার সংশ্লিষ্টরা মাটির পরিবর্তে বাঁধের পাশ থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে স্লুইসগেটসহ বাঁধ নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। যার ফলে উপকূলীয় জনগোষ্ঠীকে রক্ষাকবজ হিসেবে বিবেচিত পাউবোর বাঁধটির স্থায়িত্ব নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন উপকূলীয় জনগোষ্ঠী।
পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়ার আব্দুল মালেক বলেন, “প্রতিটি স্লুইসগেট নির্মাণের পর তা মাটি দিয়ে ভরাট করার কথা থাকলেও তার পরিবর্তে লাখ লাখ সিএফটি নিম্নমানের বালু দিয়ে ভরাট করা হয়েছে। ওই গেইটগুলো ছেড়ে দেওয়ার পর তা থেকে পানি নিষ্কাশন শুরু হলে ভবিষ্যতে তা লিক করে ভেতরে পানি প্রবেশ করে বালু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে স্লুইস গেটগুলো এলাকাবাসীর কোনো কাজে আসবে না।
“এছাড়া বাঁধের ওপরের অংশে সামান্য কিছু মাটি দিলেও কোনো ধরনের পরীক্ষা না করেই ময়লা যুক্ত ও কাঁদাসহ স্যাঁত স্যাঁতে মাটি দিয়ে বেড়িবাঁধে প্রলেপ দিয়ে অনেকটা দায় সারছেন সংশ্লিষ্টরা। উপকূলীয় জনগোষ্ঠীর রক্ষাকবচ বাঁধের এ দশায় আমরা হতাশ হয়ে পড়েছি।”
চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়ার বাসিন্দা সোলায়মান বলেন, “প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কতিপয় প্রভাবশালীদেরকে ম্যানেজ করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে একটি চক্র বালু লুট করলেও রহস্যজনক কারণে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে উপকূলবাসী বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় রয়েছেন।”
চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল বলেন, “প্রকল্পের শুরুতে বেশ কিছু জায়গায় পুরাতন বেড়িবাঁধের মাঝখান দিয়ে বিশাল আকারের গর্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠান বালু দিয়ে ভরাট করে। এ বিষয়ে এলাকার লোকজন নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়।
“চরদুয়ানী ইউনিয়নে এক কিলোমিটারের মতো বালু দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করায় অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এলাকাবাসী। যে কোন ধরনের দুর্যোগে এই বালু দ্বারা নির্মিত বাঁধ ভেঙে গিয়ে এলাকায় ব্যাপকভাবে প্লাবিত হতে পারে।”
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, “বেড়িবাঁধ নির্মাণে চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান সিকো বালু ব্যবহার করছে। এজন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার অবহিত করেছি। কিন্তু কেউ কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছে না।
“বালু দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হলে তা হবে আমাদের জন্য একটা মরণ ফাঁদ। ঝড়-জলোচ্ছ্বাস এই বেড়িবাঁধের উপর আঘাত করলে তাৎক্ষণিকভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। নিঃস্ব হয়ে যাবে এই সাগর উপকূলীয় জনপদ।”
দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের কনসাল্টেশন সুপারভিশন ইঞ্জিনিয়ার মো. হারুন অর রশিদ বলেন, “বেড়িবাঁধ নির্মাণের বালু ব্যবহার করার কোনো সুযোগ নেই। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান সিকো খামখেয়ালি করে যত্রতত্র গর্ত করে বালু ব্যবহার করছে। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি।”
তবে এ বিষয়ে প্রকল্প তদারকির দায়িত্বে থাকা পাউবির প্রকৌশলী সোহেল রানার ভাষ্য, “ঊর্দ্ধতন কর্তৃপক্ষ বালু দেয়ার ব্যাপারে নিষেধ করলে এখন আর বালু দেওয়া হচ্ছে না। ”
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী নূরুল।
আর বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, “প্রজেক্ট সংশ্লিষ্ট লোকদেরকে ডেকে আমি সিডিউল দেখব, তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব।“
