২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সদ্য বসানো নলকূপ দিয়ে বেরুচ্ছে গ্যাস

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 01:08 PM

Updated : 18 Dec 2023, 01:19 PM

কুমিল্লার লাকসামে সদ্য বসানো নলকূপ দিয়ে অনবরত পানি ও গ্যাস বের হচ্ছে। 

ঘটনাটি ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটার পূর্বপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে। 

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানান, গত রোববার রাতে লোকজন নলকূপ থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে আবুল কালামের বাড়িতে উৎসুক লোকজনের ভিড় লেগেই আছে। 

আবুল কালাম বলেন, “আমার ভাগ্নেকে থাকার জন্য এ জায়গাটা দিয়েছি। তারা সেখানে ঘর উঠাচ্ছে। রোববার সকাল ৮টা থেকে মিস্ত্রিরা টিউবওয়েলটি বসায়। বেলা ১১টায় কাজ শেষ করার পর দেখা যায়, নিজে নিজে অনর্গল পানি পড়ছে। টিউবওয়েলের মুখ দিয়ে অনরগল গ্যাসও বেরুচ্ছে। 

এ সময় ছেলেরা গ্যাসের মধ্যে দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।” 

ওই গ্রামের বাসিন্দা মহিন উদ্দিন বলেন, “টিউবওয়েল বসানোর পর আপনা-আপনি পানি উঠতে থাকায় উৎসুক লোকজনের ভিড় জমে যায়। পানির পাশাপাশি গ্যাসের গন্ধ ও শব্দ পাওয়ায় একজন দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে অনর্গল জ্বলতে থাকে। আমরা বাজার থেকে রবিবার রাতে ফিরে দেখি টিউবওয়েলে অনবরত আগুন জ্বলছে। রাত হয়ে যাওয়ায় বিষয়টি প্রশাসন বা জনপ্রতিনিধি কাউকে জানাতে পারিনি।” 

সোমবার সকালে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। 

ওই গ্রামের বাসিন্দা আবদুল্লাহ বলেন, “এভাবে গ্যাস উঠতে দেখে টিউবওয়েল মিস্ত্রিরা বলেছেন, ৫/৭ দিন পর গ্যাসের অবস্থা বুঝা যাবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।”  

এ প্রসঙ্গে জানতে চাইলে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”