নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন
পার্বতীপুরগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের চাকায় কনস্টেবলের দুই পা কাটা পড়ে বলে আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান।
নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার সকাল ৬টার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের চাকায় কনস্টেবলের দুই পা কাটা পড়ে বলে আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান।
আহত পুলিশ কনস্টেবল এমরান মিয়া (২৮) পিরোজপুর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত আছেন।
পুলিশ জানায়, এমরান মিয়া ট্রেনে করে কর্মস্থল থেকে তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন। চলন্ত ট্রেন থেকে নামার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে একটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়; এবং অপর পা কেটে সামান্য লেগে আছে।
তাকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
