১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, চালককে খুঁজছে পুলিশ

“ট্রাকটি খানিকটা দূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 11:02 AM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক চাপায় এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার মোকামিয়া গ্রামের মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানিয়েছেন।

নিহত ৪০ বছর বয়সী জুবায়েদ আহমেদ মোকামিয়া গ্রামের শুকুর মাহমুদের ছেলে। 

মোকামিয়া গ্রামের বাসিন্দা সেলিম মিয়া বলেন, “সকালে হাঁটার সময় শেরপুরগামী পণ্যবাহী একটি ট্রাক জুবায়েদকে চাপা দেয়। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

“পরে ট্রাকটি খানিকটা দূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়।”

ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি আব্দুল হাদি বলেন, “চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।”