Published : 28 Feb 2026, 09:38 PM
বিচার প্রার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে বরিশাল আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করেছে আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি স্থগিত করেছে সংগঠন দুটি। তাই রোববার থেকে বরিশাল আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রম চলবে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্যা রিয়াজ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিচারপ্রার্থী জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ১ মার্চ থেকে পূর্বঘোষিত আদালত বর্জনের কার্যক্রম স্থগিত করা হল।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন আহমেদ পান্না এবং সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন স্বাক্ষরিত নোটিশে আদালত বর্জন কর্মসূচি স্থগিতের কথা বলা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল মহানগর হাকিম আদালতের এপিপি হাফিজ আহমেদ বাবলু বলেন, “আদালত এবং আইনজীবীদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তা আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে।”
যদিও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন বলেন, “আমরা উভয় পক্ষ একটি সমঝোতার দিকে এগোচ্ছি। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেই সমঝোতা চূড়ান্ত করতেই আদালত বর্জন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।”
এদিকে, বিচারক এবং বিএনপিপন্থি আইনজীবীদের বিরোধ মীমাংসার দিকে এগোলেও আদালতের এজলাসে হামলা-ভাঙচুরের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।
আওয়ামী আইনজীবী পরিষদের ৪৯ জনের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদেকুর রহমান লিংকনের একক সিদ্ধান্তে কোর্ট বর্জন, সঙ্গে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত চলাকালে বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং আদালতের আসবাবপত্র ভাঙচুর করার তীব্র প্রতিবাদ করছি।”
পাশাপাশি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম সাদেকুর রহমান লিংকন, সাধারণ আইনজীবীদের মতামত উপেক্ষা করে আইনজীবী সমিতির নামে আদালত বর্জনের সিদ্ধান্তে আইনজীবীরা একমত নন বলেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
২০১৭ সালে হত্যাচেষ্টা এবং অঙ্গহানীর ঘটনায় ২০২৪ সালের নভেম্বর দায়ের করা একটি মামলায় ২৩ ফেব্রুয়ারি বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। তিনি জামিন পান।
এ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি জামিন দেওয়ার প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি মুখ্য মহানগর হাকিম এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করেন তারা।
এ সময় বিচার কার্যক্রম চলাকালে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে প্রবেশ করে বিচার কাজে বাধা, এজলাস এবং চেয়ার-টেবিল ভাঙচুর ও বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদেকুর রহমান লিংকনসহ বিএনপিপন্থি আইনজীবীরা।
এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক এবং পিপি-এপিপিসহ মোট ১২ জনের নাম দিয়ে মামলা করেন ওই আদালতের বেঞ্চ সহকারী। ওই মামলায় ২৫ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির সভাপতি লিংকনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে ২৬ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আরও পড়ুন:
বরিশালে ৩ দাবিতে আদালত বর্জন আইনজীবীদের, ভোগান্তি বিচারপ্রার্থীদের
আদালতে হট্টগোল: বরিশালে বিএনপিপন্থি ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা
আদালতে হট্টগোল: বরিশালে বিএনপিপন্থি ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা
আদালতে হট্টগোল: বরিশাল আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
আদালতে হট্টগোল: বরিশালে আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার, বিক্ষোভ
আওয়ামী লীগ নেতার জামিন: বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ, এজলাসে হট
আওয়ামী লীগ নেতাদের জামিন: বরিশালে আইনজীবীদের আদালত বর্জন
আত্মসমর্পণের পর জামিন পেলেন বরিশাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক