২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্কহেড বিদ্যুতের তারে লেগে চালক আহত, কলেজ ছাত্র নিখোঁজ

বাল্কহেডটি নিয়ন্ত্রণহীনভাবে নদীতে ঘুরপাক খেতে থাকে। পরে স্থানীয়রা সেটিকে উদ্ধারের পর আহত চালক রেদওয়ানকে হাসপাতালে নিয়ে যান।

বাল্কহেড বিদ্যুতের তারে লেগে চালক আহত, কলেজ ছাত্র নিখোঁজ
মারুফ হোসেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 11:29 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে বালুবাহী বাল্কহেড নদীর ওপরে থাকা বিদ্যুতের তারে লেগে করতোয়া নদীতে পড়ে এক কলেজ ছাত্র দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত বাল্কহেড চালক হাসপাতালে চিকিৎসাধীন। 

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মোহাম্মদপুর পোলঘাট এলাকায় এ দুঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহজাদপুর ফায়ার সার্ভিসের লিডার খোরশেদ আলম। 

নিখোঁজ মারুফ হোসেন (১৮) উপজেলা সদরের দ্বারিয়াপুর বাজার পাড়ার ব্যবসায়ী আব্দুল হামিদের একমাত্র ছেলে এবং শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। 

এ ঘটনায় এমবি ফাতেমা জাহান বাল্কহেডের চালক রেদওয়ান আহম্মেদের শরীর ঝলসে যাওয়ায় তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী শ্যালো নৌকার মাঝি নুরুজ্জামান জানান, বাল্কহেডটি বালু আনলোড করে যাবার সময় মোহাম্মদপুর পোলঘাট এলাকায় পৌঁছালে নদীর ওপরে থাকা বিদ্যুৎতের তারে লেগে যায়। এসময় বাল্কহেডে থাকা মারুফ নদীতে পড়ে যায় আর চালক রেদওয়ান বাল্কহেডের ওপরে পড়েছিল। 

বাল্কহেডটি নিয়ন্ত্রণহীনভাবে নদীতে ঘুরপাক খেতে থাকে। পরে স্থানীয়রা সেটিকে উদ্ধারের পর আহত চালক রেদওয়ানকে হাসপাতালে নিয়ে যান। 

শাহজাদপুর ফায়ার সার্ভিসের লিডার খোরশেদ আলম জানান, নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সহযোগিতায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে অভিযান চালানো হয়েছে। কিন্তু প্রবল স্রোতে এবং ঘটনাস্থলে গভীর পানি থাকায় তাকে পাওয়া যায়নি। 

নিখোঁজ মারুফের চাচাতো বোন মনি খাতুন জানান, খবর পাওয়ার পর থেকে তারা নদী তীরে অপেক্ষা করছেন। একমাত্র ছেলের চিন্তায় মারুফের বাবা অসুস্থ হয়ে পড়েছেন। 

শাহজাদপুর থানার ওসি সবুজ রানা জানান, বাতিয়া এলাকায় থাকা বাল্কহেডটি জব্দ করার জন্য নৌ-পুলিশকে জানানো হয়েছে। বাল্কহেডটির মালিক মোক্তার হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বাসিন্দা। তার সঙ্গেও যোগাযোগ হয়েছে।