২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন বিজয়নগরের চার বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 09:42 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিজয়নগর উপজেলার মানুষ।  

রোববার বেলা ১১টার দিকে উপজেলা সর্বস্তরের জনগণের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এ সময় ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। 

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন-ইসি। 

সীমানা পুনর্বিন্যাসের আগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন সদর ও বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। 

নতুন গেজেটে বিজয়নগরের তিনটি ইউনিয়ন- হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মধ্যে দেওয়া হয়েছে। 

এর প্রতিবাদে তাদের এ বিক্ষোভ ও সমাবেশ। 

সমাবেশে বক্তারা বলেন, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে তিনটিতে প্রায় ৯৬ হাজার ভোটার আছেন, যা উপজেলার মোট ভোটারের প্রায় অর্ধেক। 

তারা বলেন, দুই লাখ ভোটারবিশিষ্ট উপজেলা একক সংসদীয় আসনের উপযুক্ত হলেও বছরের পর বছর ধরে এটিকে একবার সদর, একবার সরাইল, আবার কখনো নাসিরনগরের সঙ্গে যুক্ত করে অবহেলিত করে রাখা হয়েছে।

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “বিক্ষোভের সময় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

এদিকে, ওই ইউনিয়ন তিনটিকে আগের মত ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মধ্যে রাখতে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন বিজয়নগর উপজেলার চার বাসিন্দা।