বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, রংপুরে যুবক গ্রেপ্তার
লালমনিরহাটের হাতিবান্ধা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।
লালমনিরহাটে হাতিবান্ধা উপজেলার এক স্কুল ছাত্রীকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিকে রংপুর নগর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বিকালে নগরের লালবাগ এলাকার একটি সুপারশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার মো. মামুন (২২) হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সন্ধ্যায় বিপ্লব কুমার বলেন, স্কুলে যাওয়া আসার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদন করতেন মামুন। এর মধ্যে ২৫ জানুয়ারি ওই ছাত্রীকে মামুন তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান।
“সেখানে ওই ছাত্রীর মাথায় হাত রেখে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন মামুন। এ ঘটনার পর মামুন ওই ছাত্রীকে এড়িয়ে চলেন”, বলেন তিনি।
তিনি বলেন, বিষয়টি ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানতে পেরে হাতিবান্ধা থানায় মামলা করলে আত্মগোপনে চলে যান মামুন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথা জানিয়েছেন র্যাব কর্মকর্তা বিপ্লব কুমার।
ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সব অপরাধ প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
