নেত্রকোণায় কভার্ড ভ্যান-রিকশার সংঘর্ষে দম্পতি নিহত
দুর্ঘটনার পর কভার্ড ভ্যানের চালক-হেলপারকে আটক করেছে পুলিশ।
নেত্রকোণার পূর্বধলায় কভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে এক দম্পতির প্রাণ গেছে। গুরুতর আহত হয়েছেন তাদের মেয়ে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার পাবই শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রোকেয়া খাতুন (৪২)। নিজাম নিজেই রিকশা চালিয়ে যাচ্ছিলেন। যাত্রীর আসনে ছিলেন তার স্ত্রী ও মেয়ে সুমাইয়া খাতুন।
স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, দুপুরে ছেলের জন্য পাত্রী দেখতে মেয়েকে নিয়ে পূর্বধলার ফাজিলপুর গ্রামে যান নিজাম ও রোকেয়া। রাতে ফেরার পথে কভার্ড ভ্যানের সঙ্গে সামনাসামনি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। আহত মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ওসি নূরুল আলম বলেন, কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক রাসেল (৩০) ও হেলপার মেহেদী হাসানকে (২২) আটক করা হয়েছে।
