১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে নির্মাণ করা হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

আগামী ৫ অগাস্ট এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা বলেছেন জেলা প্রশাসক।

সিরাজগঞ্জে নির্মাণ করা হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে মুক্তির সোপান চত্বরে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 04:42 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জ সদর উপজেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু হয়েছে।

বুধবার দুপুরে বৈরি আবহাওয়ার মধ্যে শহরের বাজার স্টেশনে মুক্তির সোপান চত্বরে এ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, “জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে; যা ৬৪ জেলাতেই নির্মিত হবে। আগামী ৫ অগাস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সম্ভব হবে বলে আশা করছি।”

তিনি বলেন, সিরাজগঞ্জ পিডব্লিউডি এই স্মৃতিস্তম্ভের কাঠামো তৈরি করবে। মূল স্মৃতিস্তম্ভ ঢাকায় তৈরি হবে। সেখান থেকে এনে এখানে স্থাপন করা হবে। 

এ সময় সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে সিরাজগঞ্জ জেলায় ছাত্র, জনতা, বিভিন্ন দলের নেতাকর্মী ও পুলিশসহ ২৯ জন প্রাণ হারিয়েছেন।