২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: শাবিতে প্রতিবাদী গ্রাফিতিতে সাঈদ ও রিয়া

তিন ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে তিনটি গ্রাফিতি ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান লিখেছেন শিক্ষার্থীরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2024, 01:47 AM

Updated : 26 Aug 2026, 10:07 AM

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, গুম-আটকদের মুক্তি ও হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে সিলেটে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে উঠে এসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ ও ঢাকার ছাদে গুলিতে নিহত শিশু রিয়া গোপের প্রতিকৃতি। 

রোববার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শুরুর পর তিন ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে তিনটি গ্রাফিতি ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান লিখেছেন শিক্ষার্থীরা। 

এ কর্মসূচিতে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। 

আবু সাঈদের গ্রাফিতির পাশে শিক্ষার্থীরা লিখেছেন- ’বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’ স্লোগানটি; শিশু রিয়া গোপের গ্রাফিতির পাশে লেখা হয়েছে- ‘দেশ স্বাধীন হলে আমরা আবার ছাদে উঠব’। 

এছাড়া দেয়াল লিখনের মধ্যে রয়েছে, ‘হামার বেটাক মারলু কেনে ? বিচার চাই বিচার চাই’; ‘ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বুলি’; ‘তুমি কে আমি কে, বিকল্প বিকল্প’; ‘লোহার টুপি মানুষের মগজ খায়, মেধা শহীদ’; ‘আমি মেট্রোরেল হতে চেয়েছিলাম, খোদা আমাকে ছাত্র বানালো’ প্রভৃতি স্লোগান। 

এর আগে বিকাল সোয়া ৪টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন।

এ সময় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “আমরা বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি; একাত্তরের ২৫ মার্চ কালরাতের গণহত্যা দেখিনি। কিন্তু এগুলো সব সময় আমাদের প্রতিবাদী চেতনার জন্ম দেয়। 

“এবার আমরাও ইতিহাসের সাক্ষী হলাম। আমরা চব্বিশ (২০২৪) দেখেছি। দেয়ালে, সড়কে গ্রাফিতির মাধ্যমে চব্বিশকে পৃথিবীব্যাপী জানিয়ে দিতে চাই। এটিও আমাদের প্রতিবাদের ভাষা।”

তিনি আরও বলেন, “১৮ তারিখ থেকে আমাদের ওপর যে গণহত্যা চালানো হয়েছে, অনেককে প্রতিবন্ধী করা হয়েছে। নিহত আবু সাঈদের বোনের ভাষাসহ বিভিন্ন প্রতিবাদী ভাষাকে আমরা দেয়াললিখন ও গ্রাফিতিতে তুলে ধরছি।”

নিজেদের সংগৃহীত সাত থেকে আট হাজার টাকা দিয়ে রংতুলি কিনে তাঁরা গ্রাফিতি ও দেয়াল লিখছেন বলে জানান আন্দোলনের আরেক সমন্বয়ক ফয়সাল হোসেন।