Published : 28 Nov 2024, 06:16 PM
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তনিকারক সমিতি কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, “বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এই সময়ে কেউ সভা-সমাবেশ বা মিছিল করতে পারবে না।”
স্থলবন্দরের ব্যবসায়ী মোস্তাফা বলেন, বুধবার স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমবায় সমিতির কমিটি ভেঙে দেওয়া হয়। এ সময় স্থলবন্দরে ব্যবসার সঙ্গে জড়িত নন- বিএনপির এমন কিছু লোকজনকে রেখে আহ্বায়ক কমিটি করা হয়।
বৃহস্পতিবার বিএনপির ডাকে কমিটি গঠনের জন্য সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাকে প্রধান অতিথি করা হয়।
মোস্তফা বলেন, “সকালে শুনতে পাই, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।”
ইউএনও গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, “বৃহস্পতিবার সোনাহাট স্থলবন্দরের একই স্থানে একই সময়ে বিএনপির দুটি গ্রুপের সভা-সমাবেশ আহ্বান করা হয়েছে। এতে সমগ্র ভূরুঙ্গামারী উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে মর্মে জানা গেছে।
“যেহেতু ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে পাথর ও কয়লা আমদানি করা হয় এবং সরকারি রাজস্ব আয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উদ্ভূত পরিস্থিতির কারণে সরকারি স্বার্থ ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
“সেহেতু সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে বৃহস্পতিবার সকাল ৮টা হতে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হল। এ সময় সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার; পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তি একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।”