২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুদিন পর আওয়ামী লীগ নেতার লাশ

ডোবার আশপাশে তার ব্যবহৃত টর্চলাইট, লুঙ্গি, গামছা, বিড়ির প্যাকেট ও গ্যাসলাইট পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 10:33 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুদিন পর ডোবা থেকে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নায়েব আলী (৬০) গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 

শুক্রবার বিকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান।

স্বজনরা বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে পাশের নিজের কলাবাগানে যান নায়েব আলী। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

কলাবাগান ও ডোবার আশপাশে তার ব্যবহৃত টর্চলাইট, লুঙ্গি, গামছা, বিড়ির প্যাকেট ও গ্যাসলাইট পাওয়া যায়। ব্যবহৃত জিনিসপত্রের সূত্র ধরে বাড়ির পাশে ডোবায় তার মরদেহ পাওয়া যায়।

ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”