পটুয়াখালীতে সালিশে ৫ কিশোর-তরুণের মাথা ন্যাড়া করলেন ইউপি সদস্য
ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথা বলেছেন রাঙ্গাবালী ইউএনও রাজিব দাশ পুরকায়স্থ।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মারামারির ঘটনা মীমাংসা জন্য বসা সালিশি বৈঠকে শাস্তির নামে প্রকাশ্যে পাঁচ কিশোর ও তরুণের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
প্রাথমিক সত্যতা পেয়ে ঘটনার পরদিন সোমবার তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ।
এর আগে রোববার সকাল ১০টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মধ্য চতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রেশাদ খলিফার নির্দেশে এমন ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী ও স্বজনদের। এ ঘটনায় পর থেকে ভুক্তভোগী ওই পাঁচ কিশোর ও তরুণ মানসিকভাগে ভেঙ্গে পড়েছেন।
নির্যাতনের শিকার কিশোর ও তরুণরা ১৭ থেকে ২১ বছর বয়সি।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় পাশে ইউপি সদস্য রেশাদ খলিফা লাঠি হাতে দাঁড়িয়ে ছিলেন। ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় সবাই চুপচাপ ছিলেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক পরিবার অপমানে লজ্জায় মুখ দেখাতে পারছেন না। ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় বিষয়টি নিয়ে কেউ ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছেন না।
ইউএনও রাজিব দাশ পুরকায়স্থ বলেন, “বিষয়ে তদন্ত করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে মধ্য চতলাখালী গ্রামের মনির গোলদারের সঙ্গে মোজাম্মেল মৃধার বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার দুজনের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। সেই সময় গোলদারকে লাঞ্ছিত করেন মোজাম্মেলের ছেলে।
এ ঘটনার জেরে শনিবার রাতে মনির গোলদারের ছেলে ও মোজাম্মেলের ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে মারধরের ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য রেশাদ খলিফাকে জানান মোজাম্মেল। রোববার সকালে ইউপি সদস্য রেশাদ খলিফার উপস্থিতিতে মধ্য চতলাখালীর খুতির বাজার এলাকায় সালিশ বসে। সেখানে দুই পক্ষসহ স্থানীয় লোকজনকে ডেকে ওই পাঁচজনকে ‘বখাটে’ বলে তাদের মাথা ন্যাড়া করার নির্দেশ দেন ইউপি সদস্য। পরে নাপিত ডেকে তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
স্বজনদের অভিযোগ, দুইজনের মারামারি দেখে থামাতে গিয়েছিলেন অন্যরা। কিন্তু শালিসে সবার মাথা ন্যাড়া করা হয়।
ভুক্তভোগী ১৮ বছরের এক কিশোর বলেন, “আমাদের অপরাধ তাদের মারামারি থামিয়েছি। এ কারণে সকালে মেম্বার আমাকে ফোন দিয়ে ডেকে নিয়েছে। গিয়ে দেখি বাজার থেকে নাপিত ডেকে আনা হয়েছে। এর মধ্যে দুজনের মাথা ন্যাড়া করে দিছে ওই নাপিত।
“পরে আমাকেও মাথা ন্যাড়া করে দেয়। আমি অনুরোধ করেছি, মেম্বার শোনেননি। খবর পেয়ে আমার আম্মু গেছে। গিয়ে জিজ্ঞেস করছে, আমার ছেলের চুল কে কাটছে? মেম্বার বলছে, ‘আমি কাটছি’।”
ছেলের অপমানের ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই কিশোরের মা। তিনি বলেন, “মানুষের কাছে ঘটনা শুনে গেছি। আমি অভিভাবক, আমিতো আছি। আমার ছেলে কোনো অপরাধ করলে আমাকে ডাকত। সেতো কোনো অপরাধ করেনি।
“মারামারি দেখে থামিয়েছে। মেম্বারকে বলছি, বিনা অপরাধে আমার ছেলের মাথা কে কামিয়েছে? মেম্বার বলছে, ‘আমি কামাইছি। পাঁচজনের কামাইছি’।”
ইউপি সদস্য রেশাদ খলিফার নির্দেশে চুল কাটা হয়েছে জানিয়ে সেলুন মালিক স্বপন শীল বলেন, “আমারে রেশাদ খলিফা ডাক দিয়ে নিছে। জিরো মেশিন নিয়ে যেতে বলছে। ওদের চুল কেটে দেওয়ার জন্য। তখন পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন।”
এ বিষয়ে জানতে ইউপি সদস্য রেশাদ খলিফার মোবাইল নম্বরে বার বার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
রাঙ্গাবালী থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, এমন একটি ঘটনার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
