যমুনার দুর্গম চরে হাসপাতাল-কলেজ করতে চান কাজী রফিক
তিনবারের সাবেক এই সংসদ সদস্য এবারও বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারকাজ চালিয়ে যাচ্ছেন।
সারিয়াকান্দী ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া-১ আসন। এর মধ্যে রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। সেই চরাঞ্চলের মানুষদের জীবন বাঁচাতে আলাদা হাসপাতাল এবং সেখানকার মানুষদের জীবনমান উন্নত করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও নদী ভাঙন রোধের প্রয়োজনীয়তার কথা বলছেন বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম।
তিনবারের সাবেক এই সংসদ সদস্য এবারও বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারকাজ চালিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিদিন তিনি চরাঞ্চলে গিয়ে জনসংযোগ করছেন এবং মানুষদের চাহিদার কথা শোনছেন।
নির্বাচিত হলে সেসব সাধ্যমত করার প্রতিশ্রতিও দিচ্ছেন বিএনপি প্রার্থী। কিন্তু হাসপাতাল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টিকে তিনি চরাঞ্চলের মানুষের চাহিদার অগ্রাধিকার হিসেবে দেখছেন।
কাজী রফিকুল ইসলাম বলেন, “আমি নিজেও যমুনা ভাঙনের মানুষ। আমার অনেক জমি যমুনায় গেছে, চরাঞ্চলে কিছু আছে। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে যমুনার ভাঙন রোধ। তারপর চরের পাকা সড়ক, হাসপাতাল, কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করা। এরই মধ্যে চরে টেকনিক্যাল কলেজ করেছি।
“পিছিয়ে পড়া দুর্গম চরাঞ্চলের মানুষকে রক্ষা করাই আমার প্রথম কাজ হবে যদি নির্বাচিত হই।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সারিয়াকান্দী ও সোনাতলার অনেক ইউনিয়ন এখন নদী ভাঙনের পর দুর্গম চরে। সারিয়াকান্দী উপজেলার ১২টি ইউনিয়নের মাঝে কাজলা, কর্নীবাড়ী, বোহাইল, চালুয়াবাড়ী নদী ভাঙনের পশ্চিম থেকে সরে গিয়ে পূর্বে যমুনার ওপাড়ে গিয়েছে। এ ছাড়া কামালপুর, চন্দনবাইশা, সারিয়াকান্দী সদর ও হাট শেরপুরের অনেক অংশ নদীগর্ভে বিলীন হওয়ার পর চরে রূপান্তরিত হয়েছে। সোনাতলার কিছু অংশও যমুনার ভাঙনে বিলীন।
চালুয়াবাড়ী গ্রামের লোকমান হোসেন বলেন, “চরাঞ্চলের লোকদের নেই সড়ক যোগাযোগ ব্যবস্থা। নৌকায় যমুনা পার হয়ে বালির পথ কয়েক কিলোমিটার গিয়ে চড়তে হয় ঘোড়ার গাড়িতে। এখানে উচ্চমাধ্যমিক কলেজ না থাকায় প্রাথমিকের পরই শিশুরা ঝরে পড়ে। এটা রোধ করা দরকার।”
বোহাইল চরের বাসিন্দা এক নারী বলেন, “যোগাযোগ ব্যবস্থা না থাকায় মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য দুর্গম চর থেকে ভারে করে এনে তারপর নৌকা যোগে আনতে হয় সারিয়াকান্দী হাসপাতাল কিংবা বগুড়ায়। রাতে কেউ অসুস্থ হলে পারাপারের কোনো ব্যবস্থা থাকে না। পরদিন সকালে খেয়া নৌকার উপর নির্ভর করতে হয়। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় বিনা চিকিৎসায় অনেকে মারা যান।”
কাজী রফিকুল ইসলাম এসব চরে নির্বাচনি প্রচারে গিয়ে বলেন, “শুধু চর নয়, যমুনা বিধৌত সারিয়াকান্দী এবং সোনাতলার সব জায়গাতেই উন্নয়ন করতে হবে। যাতে কেউ বলতে না পারে আমি বিশেষ এলাকার উন্নয়নে বিশ্বাসী। আমার কাছে নেতা ও কর্মীর একই কদর। প্রতিহিংসা আমার নেতা তারেক রহমান যেমন পছন্দ করেন না, আমিও করি না।”
