Published : 09 Dec 2025, 04:32 PM
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন জানান, কাকাইলছেও ইউনিয়নের কাকাইলছে বাজারে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ৪৫ বছর বয়সী রাসেল মিয়া কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর গ্রামের বসিন্দা।
স্থানীয়রা জানান, জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর গ্রামের হান্নান মিয়া ও সরকার হাটীর আল কোরান সওদাগরের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় আল কোরান সওদাগরের লোকজন ও হান্নান মিয়ার লোকজনের মধ্যে কাকাইলছেও বাজারে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয় এবং কয়েকটি দোকান ভাংচুর-লুটপাট করা হয়। এর জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে রাসেল মিয়া গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- রাব্বি মিয়া (১৮), ছাব্বির (২১), ইন্তাজ আলী (১৬), সেলিম মিয়া (২৫), বাবলু (৩৫), জিয়াউর (৫০), তকদির (২৮), আলতু মিয়া (১৮), রায়হান (২৮), আশরাফ উদ্দিন (২৪), মাসুম (২৬), জীবন (২৮) ও আমেনা খাতুন (২৫)।
আহতরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ পাল বলেন, “রাসেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।”
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে ওসি আকবর হোসেন বলেন, বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।