Published : 18 May 2026, 09:57 AM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, তাকে চুরির অপবাদে হত্যা করা হয়েছে।
হাউসপুর ব্রিজ সংলগ্ন বটগাছ তলা এলাকা থেকে দুদু হোসেন নামের ওই যুবকের লাশ রোববার রাতে উদ্ধার করা হয় বলে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানিয়েছেন।
নিহত ২৫ বছর বয়সী দুদু আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
মিজানুর রহমানের অভিযোগ, গত দুই দিন আগে তিন থেকে চার যুবক বাড়িতে এসে দুদুর বিরুদ্ধে একটি ভ্যান চুরির অভিযোগ তোলে। এ সময় তারা দুদুকে হুমকি দিয়ে বলে, ‘ভ্যান খুঁজে না পেলে তোকে মেরে ফেলবো’।
তার দাবি, ওই যুবকরাই ভ্যান চুরির অপবাদ দিয়ে দুদুকে পিটিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। তবে হত্যাকারীদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
ওসি বানী ইসরাইল বলেন, এলাকার লোকজনের কাছে খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।