২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিএনপি-জামায়াতের সমর্থকদের সংঘর্ষ, নারীসহ আহত ১০

পুলিশ জানায়, ভোটকেন্দ্রে যাবার রাস্তায় দাঁড়ানো ও পথ আটকানো নিয়ে দুইপক্ষের কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 03:36 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বাগেরহাটের শরণখোলায় ভোট কেন্দ্রের সামনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জের ধরে জামায়াত ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।  এতে দুই পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের সোনাতলা গ্রামে ভোটকেন্দ্রের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে বলে  জানান পুলিশ সুপার হাছান চৌধুরী। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোটকেন্দ্রে যাবার রাস্তায় দাঁড়ানো ও পথ আটকানো নিয়ে দুইপক্ষের কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থক সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ এবং বিএনপির সমর্থক রফিকুল, ছিদ্দিকসহ কয়েকজন আহত হন।

তাদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং চারজনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, বাগেরহাটের শরণখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে বিএনপি ও জামায়াতের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করে। 

তিনি বলেন, “আমরা অপরাধীদের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে আছি। কেউ কোনো ধরনের অপরাধ করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।”