রাজবাড়ীতে মামলার আসামিকে কুপিয়ে হত্যা
“তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে; যার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে রোববার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান।
গোলালন্দ উপজেলার ঈমানখান পাড়ার শাহাজউদ্দিন বেপারীর ছেলে নিহত ৩২ বছর বয়সী নজরুল বেপারী দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় পান-সিগারেটের দোকান চালাতেন।
তার লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি রফিকুল বলেন, “নজরুলের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।”
তিনি বলেন, নজরুলের নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদক ও জুয়ার দুটি মামলা রয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
