সেতু ভেঙে নিহত শিবচরের ৭ জনের দাফন সম্পন্ন
“কিভাবে এই শোক মেনে নিবে, সেটাই বুঝতে পারছি না।”
বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে মাদারীপুরের শিবচরের নিহত সাতজনকে দাফন করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে জানাজা শেষে শিবচরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয় বলে মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান জানান।
এর আগে শনিবার বেলা পৌনে ২টার দিকে বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজনই মাদারীপুরের শিবচরের।
তারা হলেন, আবুল কালাম আজাদের স্ত্রী মুন্নি বেগম (৪০), তাদের মেয়ে তাহিয়া (৭), তাসদিয়া (১১), কনের খালা ও ফকরুল আহমেদের স্ত্রী ফরিদা বেগম (৫৫), কনের খালাতো ভাই সোহেল খানের স্ত্রী রাইতি বেগম (৩০), সোহেল খানের শাশুড়ি ও রফিকুল ইসলামের স্ত্রী রুমি বেগম (৪০) এবং তাদের স্বজন বাবুল মাতুব্বরের স্ত্রী ফাতেমা আক্তার (৪০)।
এছাড়াও মারা গেছেন, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া ও তাদের মেয়ে হৃদি (৫)।
দুর্ঘটনায় নিহত সাতজনের মরদেহ শনিবার রাত ৩টার দিকে গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। জড়ো হয় পাড়া-প্রতিবেশীরাও।
একসঙ্গে একই পরিবারের সাতজনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। এলাকাজুড়ে বইছে মাতম। কান্নায় ভারি হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ।
দুর্ঘটনার পর বরগুনার আমতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেছিলেন, আমতলীর কাউনিয়া ইব্রাহিম একাডেমির শিক্ষক মাওলানা মনিরুল ইসলামের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মো. সেলিমের ছেলে সাইমুন রহমান সোহাগের গত বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়। শনিবার ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠান।
“কনের বাড়ির লোকজন আমতলির হলদিয়া গ্রাম থেকে মাইক্রোবাস ও অটোরিকশায় করে আমতলি পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে ছেলের বাড়ি যাচ্ছিল। পথে দুর্ঘটনা ঘটে।”
বোনের মেয়ে হুমায়রা আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ঢাকা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মাদারীপুরের শিবচরের ভদ্রাসনের গ্রামের বাড়িতে যান ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ।
মাইক্রোবাস দুর্ঘটনায় ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও প্রাণ হারায় তার স্ত্রী শাহানাজ আক্তার মুন্নী ও দুই মেয়ে তাহিয়া ও তাসদিয়াসহ একই পরিবারের সাতজন।
মাদারীপুরের শিবচরের ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বেপারী বলেন, “একটি পরিবারের সাতজন একসঙ্গে মারা যাওয়া এটা পুরো ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারকে সান্ত্বনা দেওয়ারও ভাষা নেই।
“কিভাবে এই শোক মেনে নিবে, সেটাই বুঝতে পারছি না। তবুও এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ সব সময় এই পরিবারটি পাশে থাকবে, সেই প্রত্যাশা করছি।”
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নয়জন মারা যাওয়াদের মধ্যে সাতজনই মাদারীপুরের। এটা খুবই দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা।”
জেলা প্রশাসক মারুফুর রশিদ খান বলেন, নিহতদের পরিবারের পাশে থাকতে জনপ্রতিনিধিদের বলা হয়েছে।
