১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটি রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করার কথা জানিয়েছে বনবিভাগ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 05:48 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। পরে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয় বলে জানান বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লোকজন হঠাৎ লোকালয়ের পাশে অজগরটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে কয়েকজন সাপটিকে নিয়ন্ত্রণে নিয়ে বন বিভাগকে খবর দেন।

স্থানীয়রা জানান, এলাকায় আগে এত বড় অজগর কখনো দেখা যায়নি। সাপটি লম্বা হবে ১০ থেকে ১২ ফুট। এ ঘটনার পর শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সেইসঙ্গে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বন বিভাগ জানায়, অজগর সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে বা উদ্ধার হলে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত; যাতে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা যায়।

কুড়িগ্রাম জেলা বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটি রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।