আমাদের নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম
বৃহস্পতিবার বিকালে মাগুরা শহরের ভায়না মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশপন্থি’ রাজনীতির জন্য দেশে নতুন সংবিধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, “আমাদের নতুন সংবিধান প্রয়োজন। যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশপন্থি একটি রাজনীতি দাঁড় করাতে হবে।
“আমাদের দেশে যে সংকটগুলো চলমান আছে, গণঅভ্যুত্থানের পরেও আমরা নতুন সংবিধানের অভাবে সেই সমস্যার সমাধান করতে পারছি না।”
দেশের মৌলিক সংস্থার ও জুলাই সনদ নিয়ে এখনো একটি মহল তালবাহানা করছে- তার বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার বিকালে মাগুরা শহরের ভায়না মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ বিনির্মাণে লড়াই শুরু হয়েছে মন্তব্য করে এনসিপি আহ্বায়ক বলেন, “এই বাংলাদেশ নতুন করে করতে হলে ফ্যাসিজমের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার করতে বাংলাদেশের মৌলিক সংস্কার প্রয়োজন।”
তিনি বলেন, “এলাকার চাঁদাবাজি-সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে সরব হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় যারা শহীদ হয়েছেন সেই রক্তের মর্যাদা দিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন, গণতন্ত্র, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই লড়াই। এ লড়াই শেষ হয়নি, সেই বার্তাটি আমরা দিতে এসেছি।”
পথসভার আগে পদযাত্রাটি শহরে ভয়না মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড়, ঢাকা রোড হয়ে আবার ভায়না মোড়ে এসে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
