২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, আটক নারী

“গোপন খবরে ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে নবজাতকসহ তাকে আটক করা হয়।”

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 11:29 AM

Updated : 26 Aug 2026, 01:33 PM

নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। 

রোববার রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। 

এ সময় ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করা হয় বলে নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন। 

আটক ফাতেমা বেগম রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ি এলাকার মোখলেছুর রহমানের মেয়ে ও শিবপুরের কুমারটেক এলাকার মো. সিরাজুল ইসলামের স্ত্রী।

এর আগে রোববার বেলা ২টার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকার ‘ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল’ থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে। 

ওই নবজাতক শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার অটোরিকশা চালক শরীফ মিয়া দম্পতির। 

স্বজন ও হাসপাতাল বলছে, শরীফের স্ত্রী মিথিলা গত শনিবার বিকালে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের ‘গাফিলতি’ এবং ‘অব্যবস্থাপনার’ কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। 

ওসি এমদাদুল হক বলেন, “নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। পরে গোপন খবরে ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে নবজাতকসহ তাকে আটক করা হয়।”

পরে রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি