১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মোবাইলে লুডু খেলায় ‘ভুল ধরিয়ে দেওয়ায়’ যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 03:31 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মোবাইল ফোনে লুডু খেলার সময় ‘ভুল ধরিয়ে দেওয়ায়’ এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম।

নিহত রফিক মিয়া (৪০) ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ওই গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামের দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক মিয়া সেখানে গিয়ে তাদের খেলা দেখছিলেন। খেলা চলাকালে রফিক হঠাৎ বলে ওঠেন, তাঁদের ‘চাল’ ভুল হচ্ছে।

এ কথা শুনে সালমান ও বশির উত্তেজিত হয়ে পড়েন এবং খেলায় তাকে নাক গলাতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় দুই ব্যক্তি এসে তাদের শান্ত করে বিরোধ মিটমাট করে দেন। 

তবে মীমাংসার মাত্র পাঁচ মিনিট পরই সালমান ক্ষিপ্ত হয়ে রফিক মিয়ার গলা চেপে ধরেন। শ্বাসরোধের পাশাপাশি তাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। 

পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রফিকের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, “বশির ও সালমান ফোনে লুডু খেলছিল। খেলা চলাকালে রফিক তাদের ভুল ধরিয়ে দেয়। এ নিয়েই উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করেন। এতে সে মারা যায়।”

ওসি শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি, তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।