২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনের মাধ্যমে মুছবে পুলিশের কলঙ্ক: অতিরিক্ত আইজিপি

আগামীর জাতীয় নির্বাচন পুলিশের অস্তিত্ব ও দেশ রক্ষার নির্বাচন হবে বলে জানিয়েছেন মোহাম্মদ খালেদ।

জাতীয় নির্বাচনের মাধ্যমে মুছবে পুলিশের কলঙ্ক: অতিরিক্ত আইজিপি
টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

আগামীর জাতীয় নির্বাচনের মাধ্যমে পুলিশ তার অতীতের কলঙ্ক মুছবে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ।

তিনি বলেছেন, “আগামীর জাতীয় নির্বাচন হবে আমাদের অস্তিত্ব ও দেশ রক্ষার নির্বাচন। পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন। আমরা এবার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।” 

রোববার সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ খালেদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ অগাস্টের পর কয়েক দিন পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশবাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

সদ্য যোগদান করা পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। তাহলে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। 

“৫ অগাস্টের পর পুলিশ বাহিনীর অবকাঠামো ভেঙে পড়েছিল। বর্তমানে সেটা স্বাভাবিক হয়েছে। আগের যেকোনো সময়ের চেয়ে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে”, বলেন মোহাম্মদ খালেদ। 

এ সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৌলিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৫৫তম টিআরসি ব্যাচের ৮১৫ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল সফলতার সঙ্গে তাদের প্রশিক্ষণ শেষ করেছেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।