পাবনা মেডিকেলে ‘হল ত্যাগে বাধ্য করতে’ ছাত্রলীগ নেতার কক্ষে হামলা
ভাঙচুরের শব্দে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে বাধা দিতে গেলে তাদের মারধর করার অভিযোগ উঠেছে।
পাবনা মেডিকেল কলেজের হল ত্যাগে বাধ্য করতে শাখা ছাত্রলীগের এক নেতার কক্ষে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার গভীর রাতে কলেজের ছাত্রদের জন্য প্রস্তাবিত বঙ্গবন্ধু হলের নিচ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, নতুন শিক্ষার্থীদের আবাসন সংকট কাটাতে বুধবার শিক্ষার্থীদের একটি নোটিস দেয় কর্তৃপক্ষ। এতে পাবনার স্থানীয় শিক্ষার্থীদের সাময়িকভাবে হল ছেড়ে নিজ বাসা থেকে কলেজে যাতায়াত করতে বলা হয়। একইসঙ্গে হল সুপারদের জন্য বরাদ্দ কক্ষগুলোতে অবস্থান করা শিক্ষার্থীদের সরে গিয়ে নির্দেশিত অন্যান্য কক্ষে থাকার নির্দেশ দেওয়া হয়।
হল সুপারদের জন্য নির্ধারিত তিনটি কক্ষের একটিতে থাকেন পঞ্চম বর্ষের ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহুল কুমার দাশ। অন্য দুটিতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুজন অনুসারী থাকেন।
রাহুল কুমার দাশের অভিযোগ, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অভিতোষ চক্রবর্তী ও আরেক সাংগঠনিক সম্পাদক নাহিন্নবী তাহার নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দল তার কক্ষে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং তাকে কক্ষ থেকে বের করে দিতে চান।
পরে কক্ষে হামলা চালিয়ে বিছানা ছুঁড়ে ফেলে, টেবিল ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেন এবং বই-খাতার পাশাপাশি কক্ষে টাঙানো বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলেন।
এ সময় ভাঙচুরের শব্দে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে তাদের বাধা দিতে গেলে রাহুলসহ তাদের মারধর করা হয়।
এ ব্যাপারে রাহুল কুমার দাশ বলেন, “পরীক্ষা থাকায় আমি সেদিন রুম পরিবর্তন করতে পারিনি। অথচ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ আহমেদ ও সাধারণ সম্পাদক আল আমিন আল তামিমের নির্দেশে অভিতোষ ও নাহিন্নবী তাহার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
“ছাত্রলীগ নেতা পরিচয় দিলেও এ সময় বঙ্গবন্ধুর ছবি ছেঁড়ার মত ঘৃণিত কাজও করেছে তারা। ছাত্রলীগের নেতা হয়ে আমার যদি নিরাপত্তা না থাকে, তবে এদের কাছে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ?”
লিখিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, “শুক্রবার কলেজ বন্ধ থাকায় অভিযোগ দিতে পারিনি। কলেজ খুললে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিব। তবে হল সুপার ও প্রিন্সিপাল স্যারকে খুদে বার্তায় বিষয়টি জানিয়েছি। আমি এর বিচার চাই, একইসাথে হল ও ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর নিরাপত্তা চাই।”
ঘটনার প্রত্যক্ষদর্শী পঞ্চম বর্ষের শিক্ষার্থী হামিম, তানভীর ও তনিম বলেন, মধ্যরাতে ভাঙচুরের শব্দ শুনে এগিয়ে গিয়ে তারা দেখেন অভিতোষ ও নাহিন্নবী তাহাসহ ৩০/৪০ জন রাহুলের কক্ষে ভাঙচুর করছে এবং তাকে কক্ষ থেকে বের করে দিচ্ছে। বের হতে না চাইলে ওকে মারধর করছে। বাধা দিতে গেলে সাধারণ শিক্ষার্থীদের কয়েকজনের গায়েও হাত তুলেছে তারা।
মধ্যরাতে ছাত্র হলে এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান শিক্ষার্থীরা।
কলেজ প্রশাসনের কাছে তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
হামলার অভিযোগের বিষয়ে জানতে পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অভিতোষ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি সরাসরি দেখা না করে কথা বলবেন না বলে ফোন রেখে দেন।
এ ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ আহমেদ বলেন, “এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ওরা ব্যাচমেট (অভিতোষ ও রাহুল)।
“যতটুকু জেনেছি, একে অপরের সঙ্গে জাস্ট কথা কাটাকাটি হইছে। হামলা, ভাঙচুর বা মারধরের মত কিছু ঘটেনি। এ ঘটনায় আমাদের সংশ্লিষ্টতাও নেই। তবে উভয় পক্ষই যেহেতু আমাদের সংগঠনের তাই কলেজ প্রশাসন ও সিনিয়র নেতাদের মাধ্যমে বিষয়টির সুরাহা করা হবে।”
কাউকে হল বা কক্ষ থেকে বের করে দিতে কোনো শিক্ষার্থী বা ছাত্রনেতাকে দায়িত্ব দেওয়া হয়নি জানিয়ে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. উবায়দুল্লাহ ইবনে আলী বলেন, “হল সংশ্লিষ্ট সমস্যা সমাধানে হল সুপাররা রয়েছেন। এখানে অন্য কারোর হস্তক্ষেপ করার সুযোগ নেই।
“হোয়াটসঅ্যাপ ম্যাসেজে এক শিক্ষার্থী বিষয়টি জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
